রাধারমণের গানে নবনীতা

 

দেশের অন্যতম উপস্থাপক ও সঞ্চালক নবনীতা চৌধুরীর গাওয়া হাসনরাজার গান ‘সোনালি বন্ধু’ এবং ‘রূপ দেখিলাম’ বেশ প্রশংসা কুঁড়িয়েছিল। এবার এই শিল্পীর গাওয়া নতুন গান প্রকাশ হয়েছে। রাধারমণের এ গানটির শিরোনাম ‘বল গো’।

নতুন গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। নবনীতা-গৌরব জুটিকে পর্দায় উপস্থাপন করেছেন ভিডিওর নির্মাতা মঞ্জু আহমেদ। ভিডিওটি প্রকাশ করেছে জি সিরিজ।

সিলেটের সাধক কবি রাধারমন দত্ত তার কৃষ্ণপ্রেমে সৃষ্ট ধামাইল গানের জন্য বিখ্যাত। ধামাইল সিলেটের ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য ধারা। এই গান গাওয়ার সময় দল বেঁধে নৃত্য পরিবেশন করা হতো। ‘বল গো’ গানটির গায়ন ও সংগীতায়োজনে ধামাইল গানের নাচের সেই ছন্দ ও দোলা দর্শক উপভোগ করতে পারবেন।

এদিকে নবনীতার উপস্থাপনায় দুরন্ত টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ও ২টায় প্রচারিত হচ্ছে বিবিসির ফরম্যাটে নির্মিত ‘মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ’।