লাখাইয়ে ১০ টাকা কেজি দরে বিক্রির ৬৪ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে ওই উপজেলার মুড়িয়াউক গ্রাম থেকে পাচারকালে এসব চাল আটক করা হয়। লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসা. শাহীনা আক্তার জানান, সকাল ১০টার দিকে গোপন সূত্রে খবর পান মুড়িয়াউক গ্রাম থেকে ১০ টাকা কেজির সরকারি চাল পাচার করা হচ্ছে। খবর পেয়ে তিনিসহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। অভিযানকালে একটি ট্রাকে বোঝাই করা ৬৪ বস্তায় ২ হাজার ৩৩৪ কেজি চাল জব্দ করা হয়েছে। এসময় ট্রাক চালক আলাউদ্দিন মিয়াকে আটক করা হয়।
স্থানীয় ইউপি মেম্বার সামছুদ্দিন জানান, হঠাত্ জানতে পেয়ে ডিলার নোমান মিয়া সরকারি চাল পাচার করার উদ্দেশ্যে ট্রাকে বোঝাই করছেন। তাত্ক্ষণিক বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করি। তারা এসে চালগুলো জব্দ করেছেন।
বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউরি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে সমিতির টাকা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে অন্তত ২০ জন লোক আহত হন। নিহত মতিউর রহমান (৩২) ওই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সমিতির টাকা নিয়ে ওই গ্রামের শাহজাহান মিয়া এবং মুছা মিয়ার সাথে সাবেক ইউপি সদস্য আরজু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। গুরুতর আহত টেঁটাবিদ্ধ মতিউর রহমানকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। দাঙ্গাবাজদের গ্রেফতারে অভিযান চলছে।