ইত্তেফাক রিপোর্ট
মঙ্গলবার বড়ো পতনের পর গতকাল বুধবার শেয়ারবাজারে মূল্যসূচক সামান্য বেড়েছে। তবে লেনদেন নেমে এসেছে তলানিতে। গতকাল আগের দিনের চাইতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ১৭ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২৭১ কোটি টাকায়। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৯ পয়েন্টে।
ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ২৭১ কোটি ৩৬ লাখ টাকার। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২৮৮ কোটি ৩৬ লাখ টাকা। ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো : গ্রামীণ ফোন, ন্যাশনাল টিউবস, স্ট্যান্ডার্ড সিরামিকস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, মুন্নুু স্টাফলার, স্কয়ার ফার্মা, নর্দার্ন জুট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিকস ও যমুনা ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : কাশেম ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্স, খান ব্রাদার্স পিপি, কাট্টলি টেক্সটাইল, ফরচুন সুজ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, কে অ্যান্ড কিউ, ভিএফএস থ্রেড ও এমএল ডায়িং।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল টিউবস, বিডি অটোকারস, কপারটেক ইন্ডাস্ট্রিজ, মুন্নু স্টাফলার, সিলকো ফার্মা ও এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৮৩ পয়েন্টে। সিএসইতে টাকার অঙ্কে ১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।