রাকাবের ঋণ আদায়ে মহাক্যাম্প

স্টাফ রিপোর্টার, রাজশাহী

পহেলা সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫৪ দিনের বিশেষ প্যাকেজ কর্মসূচির আওতায় মঙ্গলবার দিনব্যাপী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) সকল শাখায় একযোগে ঋণ আদায় মহাক্যাম্পের আয়োজন করা হয়। এর মাধ্যমে ২৪২ কোটি টাকা বকেয়া ঋণ আদায় হয়েছে। এর মধ্যে শ্রেণিকৃত ঋণ  থেকে আদায় হয়েছে ২৫ কোটি টাকা, শ্রেণিযোগ্য ঋণ ১৮৭ কোটি, পুনঃ তফশিলকৃত ঋণ ১০ কোটি টাকা এবং অন্যান্য বকেয়া ঋণ ২০ কোটি টাকা।

রাকাব সূত্র জানায়, রাজশাহী বিভাগ ১২৫ কোটি এবং রংপুর বিভাগ ১১১ কোটি এবং স্থানীয় মুখ্য কার্যালয়ে ৬ কোটি টাকা ঋণ আদায় করেছে। মহাক্যাম্পে বকেয়া ঋণ আদায়ের পাশাপাশি ২০৭ কোটি টাকা ঋণ বিতরণসহ বিভিন্ন হিসাবের মাধ্যমে ৩৯ কোটি টাকা আমানত সংগ্রহ হয়েছে। শাখা পর্যায়ে অনুষ্ঠিত এ ঋণ আদায় মহাক্যাম্পে বিভিন্ন শাখায় উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ, ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দসহ বিভিন্ন জোনের জোনাল ব্যবস্থাপকগণ।