জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল
g এনডিটিভি
জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক মঙ্গলবার জানালেন, দেশে এক রাজ্যপালের ভূমিকা হলো সেই দুর্বল ব্যক্তির, যিনি কোনো সংবাদ সম্মেলন ডাকতে পারেন না কিংবা মন খুলে কথা বলতে পারেন না। পাশাপাশি তিনি পুনরাবৃত্তি করলেন তাঁর আগের মন্তব্যের, যেখানে তিনি বলেছিলেন দেশের ধনী ও সমৃদ্ধ ব্যক্তিরা হলো ‘পচা আলুর’ মতো। কেননা, তাঁরা কখনো দান করেন না এবং দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার কাজে এগিয়ে আসেন না। রিয়াসি জেলার কাতরা শহরে শ্রীমাতা বৈষ্ণ দেবী বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন উত্সবে যোগ দেন তিনি। তখনই এ কথা বলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল।
তিনি বলেন, ‘একজন রাজ্যপাল একজন দুর্বল ব্যক্তিত্ব। তাঁর কোনো সংবাদ সম্মেলন ডাকার অধিকার নেই কিংবা মন খুলে কথা বলার। তিন দিন ধরে আমি উদ্বেগে থাকব যদি দিল্লির কেউ রেগে যায় আমার ভাষণ শুনে।’ রাজ্যপাল জানান, দেশে শিক্ষার অবস্থা খারাপ হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো এবং পরিকাঠামোর উন্নতি করার জন্য যে অর্থ দরকার, তা কোথাও নেই। তিনি বলেন, দেশের ধনী ব্যক্তিরা ৩০০ কোটি টাকা খরচ করে ছেলেমেয়ের বিয়ে দিলেও কোনো বিশ্ববিদ্যালয়কে এক পয়সাও তাঁরা দেন না বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামো তৈরির জন্য। ঐ ধনীরা এটা করেন না, কারণ তাঁদের দান করার অভ্যাস নেই।
তিনি বলেন, ‘ওরা ১৪ তলা বাড়িতে থাকবেন, কিন্তু এক পয়সাও খরচ করবেন না দেশের শিশুদের শিক্ষার জন্য।’ তিনি দেশের সমৃদ্ধ ও ধনী ব্যক্তিদের দেশের শিক্ষাক্ষেত্রের পরিস্থিতি শোধরানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান। কাশ্মীরি পড়ুয়াদের প্রশংসা করে রাজ্যপাল দাবি করেন, সঠিক পরিকাঠামো পেলে এরা যে কোনো ক্ষেত্রেই উন্নতি করতে পারবে।
০