সুজানগরে সংযোগ সড়কবিহীন সেতু!

স্থানীয়দের সীমাহীন দুর্ভোগ

সুজানগর (পাবনা) সংবাদদাতা

পাবনার সুজানগরের হাটখালী ইউনিয়নের স্বাগতা গ্রামে সংযোগ সড়কবিহীন নির্মিত সেতুটি স্থানীয় বাসিন্দাদের তেমন কোনো কাজেই আসছে না। বরং ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব জানান, গাজনার বিলের পানিপ্রবাহের জন্য স্বাগতা গ্রামের মাঝে ঐ ব্রিজ নির্মাণ করার প্রয়োজন ছিল। তবে তার আগে প্রয়োজন ছিল গ্রামবাসীর যাতায়াতের জন্য ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না করেই অজ্ঞাতকারণে ২০১৭ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে ঐ ব্রিজ নির্মাণ করা হয়। শুধু তাই না গ্রামবাসীর দুর্ভোগ লাঘবে সংযোগ সড়ক নির্মাণের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমকে বারবার বলা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে চেয়ারম্যান হাবিব অভিযোগ করেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি মেম্বার আব্দুল হাকিম শেখ বলেন, স্বাগত গ্রামের অধিকাংশ মানুষ ব্রিজটির ওপর দিয়ে কোনো রকমে যাতায়াতের পাশাপাশি মাঠ থেকে তাদের কৃষিপণ্য ঘরে তোলেন। সেই সঙ্গে এলাকার শিক্ষার্থীরাও ব্রিজটির ওপর দিয়ে কামালপুর উচ্চ বিদ্যালয়সহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। কিন্তু গত দুই বছর আগে ব্রিজটি নির্মাণ করা হলেও অদ্যাবধি সংযোগ সড়ক নির্মাণ না করায় এলাকার সর্বস্তরের মানুষের যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য ঘরে তুলতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ব্রিজটি আমার কার্যকালে নির্মাণ করা হয়নি। সেকারণে এ বিষয়ে আমার কিছু জানা নেই।

তবে হাটখালী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি সত্য নয় উল্লেখ করে জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের কার্যকালেই ঐ ব্রিজ নির্মিত হয়েছে। তিনি এখন গা বাঁচানোর জন্য অস্বীকার করছেন।