জরিমানা আদায়
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পুলেরঘাট বাজার ও পাটুয়াভাঙা ইউনিয়নের মহিষবেড় এলাকায় পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুত্ফর রহমান। এ সময় অবৈধ দোকান উচ্ছেদ, লাইসেন্স ছাড়া গবাদিখাদ্য বিক্রয় ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, অভিযানে পুলেরঘাট বাজারে রাস্তার পাশে সরকারি জায়গায় বসা আটটি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই বাজারে লাইসেন্স ছাড়া অবৈধভাবে গবাদিখাদ্য বিক্রির দায়ে মেসার্স আরশ আলী অয়েল মিলকে ১০ হাজার ও মেসার্স আরশ আলী ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বিকালে পাটুয়াভাঙা ইউনিয়নের মহিষবেড় এলাকায় সিঙ্গুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোস্তাকিম ও শামসুল আলম নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের দুজনকে ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুত্ফর রহমান পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।