শাবি সংবাদদাতা
অটোম্যাটিক ড্রেন ক্লিনিং সিস্টেম। যার মাধ্যমে কোনো শ্রমিক ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে নর্দমার ময়লা-আবর্জনা পরিষ্কার করা যাবে। এ ধরনের একটি প্রজেক্ট তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) একদল শিক্ষার্থী।
তারা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের এ এস এম রবিউল আলম সিদ্দিকী, জাফরিয়ান ইকবাল শুভ এবং আজম ফারুক রাজু। আর তাদের মেন্টর হিসেবে ছিলেন একই বিভাগের প্রভাষক নুরুজ্জামান সাকিব, প্রভাষক প্রমি নাফিজা আঞ্জুম, প্রভাষক মো. মাহমুদ-অর-রশিদ।
প্রজেক্ট সম্পর্কে রবিউল আলম বলেন, এটা মাইনলি ওয়াল সেন্সর রোবট। একটা পাম্প থাকবে, যেটা পানি টেনে নেবে। ফলে আবর্জনা সামনে চলে আসবে এবং নেটের মাধ্যমে সেটা তুলে নিয়ে একটা বক্সের মধ্যে রাখবে। বাক্স ভরে গেলে অটোম্যাটিক পিছনে গিয়ে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলে আবার সামনে আগাবে।
প্রজেক্ট সম্পর্কে জাফরিন ইকবাল শুভ বলেন, ‘প্রজেক্টটি তৈরি করতে আমাদের প্রায় ১৩ হাজার টাকার মতো খরচ হয়েছে। যার সবটুকুই আমাদের টিউশনির টাকা থেকে বহন করতে হয়েছে।’ আজম ফারুক রাজু বলেন, ‘প্রজেক্ট তৈরিতে আমরা যেসব সমস্যায় পড়েছি তার মধ্যে অন্যতম ল্যাব সুবিধার স্বল্পতা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ ল্যাব সুবিধা বাড়ানোর।’
মেন্টর প্রভাষক নুরুজ্জামান সাকিব বলেন, এখন সাধারণত ড্রেন পরিষ্কারের জন্য রাস্তা খুঁড়ে অনেক শ্রমিক দিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়। যার ফলে আশপাশের পরিবেশ ব্যাপকভাবে দূষিত হয় এবং মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে অতি সহজে কোনো দুর্ভোগ ছাড়াই ড্রেন পরিষ্কার করা যাবে। এতে খরচ কমবে। তাছাড়া এর মাধ্যমে কঠিন বর্জ্যগুলো আলাদা করে নির্দিষ্ট স্থানে স্তূপ করা যাবে।