বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছীতে এক মাস প্রতিদিন একটানা ৭ ঘণ্টা করে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গত ২১ অক্টোবর সন্ধ্যায় পল্লী বিদ্যুত্ সমিতি বদলগাছী সাব-জোনাল অফিস কর্তৃক মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, ২২ অক্টোবর হতে এক মাস প্রতিদিন ৭ ঘণ্টা করে বদলগাছী বাজার ও আশপাশের এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুত্ বদলগাছী সাব-জোনাল অফিস সূত্রে জানা যায়, সাব-জোনাল অফিসের অধীনে বিদ্যুতের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য উপজেলার সদর ও আশপাশের এলাকায় ৫শ থেকে ৬শটি বিদ্যুতের পোল, ট্রান্সফরমার ও নতুন সংযোগ স্থাপনের জন্য ১ মাস যাবত্ প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত ৭ ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পল্লী বিদ্যুতের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না উপজেলা সদরের ব্যবসায়ী ও সাধারণ লোকজন। সচেতন মহল মনে করছেন, প্রতিদিন একটানা ৭ ঘণ্টা করে বিদ্যুত্ না থাকলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবেন। ব্যবসায়ীক ক্ষতির পাশাপাশি বাসা-বাড়িতে ফ্রিজে রাখা মাছ, মাংস ও অন্য জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। তাছাড়া সরকারি-বেসরকারি অফিসে স্বাভাবিক কাজ কর্মের বিঘ্ন হবে। অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে আসা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিত্সা সেবা মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে পল্লী বিদ্যুত্ সমিতি বদলগাছীর সাব-জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রফিকুল ইসলাম মোবাইল ফোনে বলেন, বদলগাছী সদর ও এর আশপাশের জরাজীর্ণ পোল, পুরাতন ট্রান্সফরমার বদল ও নতুন সংযোগ স্থাপনের জন্য শুধুমাত্র উপজেলা সদরের জন্য ১ মাস ঘোষিত সময় অনুযায়ী বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে। দিনের অন্য সময়ে প্রতিদিন ৩ ঘণ্টা বিদ্যুত্ সরবরাহ বন্ধ রেখে কাজ যাবে কিনা বললে তিনি বলেন এই কাজগুলো আরো ৬/৭ মাস আগে করার কথা ছিল। কিন্তু গরমের মৌসুম থাকায় সেটা করা সম্ভব হয়নি।