কক্সবাজারে কোল্ড স্টোরেজকে জরিমানা

দুটি ফ্লাওয়ার মিল সিলগালা

 কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে বিসিক শিল্প নগরীতে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত পরিত্যক্ত গুদামে অবৈধভাবে মালামাল গুদামজাত করার অপরাধে সাগর কোল্ড স্টোরেজ লিমিটেডকে (কালু হাজির গুদাম) ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন মালামাল গুদামজাত করায় অভিযানে নিপা অয়েল এন্ড ফ্লাওয়ার মিলস ও কক্সবাজার ফ্লাওয়ার মিলস লিমিটেডকে সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত টিম।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সূত্র জানায়, নিপা অয়েল এন্ড ফ্লাওয়ার মিলে প্রতিটি কক্ষে রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহ করার জন্য মজুদ করা হয়েছে প্রচুর পরিমাণ চাল, ডাল, ময়দা ইত্যাদির বস্তা।

অভিযানে ভোক্তা অধিকার কক্সবাজার অফিসের সহকারী পরিচালক এএসএম মাসুম উদ দৌলা, বিসিক কক্সবাজার অফিসের সহকারী মহাব্যবস্থাপক ছৈয়দ আহমদ, শিল্প নগরী কর্মকর্তা রিদওয়ানুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।