কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদীতে বুধবার ভোরে সিঁধ কেটে ঘরে ঢুকে ঢাকার কাঁচামালের ব্যবসায়ী হাবিবুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে আরো তিন জন জখম হন।
নিহত হাবিবুর রহমান করগাঁও ইউনিয়নের ভাট্টা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
জানা যায়, সশস্ত্র কয়েকজন দুর্বৃত্ত হাবিবুর রহমানের ঘরে সিঁধ কেটে ঢুকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ভাগলপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনা দেখে তার স্ত্রী ডাকচিত্কার দিলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে এবং পাশের ঘর থেকে তোফা চান ও জুনায়েদ এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। মারাত্মক জখম হাবিবুর রহমানের স্ত্রীকে ঢাকায় এবং তোফা চানকে ভাগলপুর বেসরকারি হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হয়।
করগাঁও ইউপি চেয়ারম্যান শরাফত লস্কর পারভেজ জানান, পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।
কটিয়াদী মডেল থানার সদ্য যোগদানকারী ওসি এম এ জলিল বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মামলার প্রস্তুতি ও আসামিদের গ্রেফতার অভিযান চলছে।