গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার থেকে পুলিশের ভুয়া এসআই (উপ-পরিদর্শক) সাগর মিয়াকে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে বোনারপাড়া বাজারের পান সিগারেটের দোকান থেকে তাকে আটক করা হয়।
সাগর মিয়া সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারোকোনা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
সাঘাটা উপজেলার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্চার্জ পরিদর্শক এনায়েত হোসেন জানান, রিপন কুমারের পানের দোকান থেকে সাগর মিয়া এক প্যাকেট সিগারেট নেন। এরপর বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নব যোগদানকারী পুলিশের উপ-পরিদর্শক হিসাবে নিজের পরিচয় দেন। এসময় তিনি পুলিশের পোশাক পরা একটি ভুয়া আইডি কার্ডও প্রদর্শন করেন। সিগারেটের দাম পরে দিবেন বলে আরও ৫০০ টাকা ধার চান। বিষয়টি দোকানদার রিপনের সন্দেহ হলে মোবাইল ফোনে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক দিলিপ কুমারকে জানান। তাত্ক্ষনিক সহকারী উপ-পরিদর্শক এসে ভুয়া পুলিশের এস আই পরিচয়দানকারী সাগরকে আটক করেন।
তিনি আরও জানান, আটক ভুয়া পুলিশের এসআইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।