ভি ভি এস লক্ষ্মণের অভিমত
স্পোর্টস ডেস্ক
ফলাফল দেখেই বোঝা যায়, ভারতের মাটিতে যাচ্ছেতাই পারফরম্যান্স করেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে প্রোটিয়ারা। এর মধ্যে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে ফাফ ডু প্লেসির দল।
বিরাট কোহলির দলের এই তুখোড় ফর্ম বাংলাদেশের জন্য খুবই ভয়ের খবর হতে পারে। যদিও, বিষয়টাকে এভাবে দেখতে নারাজ সাবেক ভারতীয় টেস্ট ব্যাটসম্যান ভি ভি এস লক্ষ্মণ। তিনি মনে করেন, এই মুহূর্তে বাংলাদেশ দল এগিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সদ্য শেষ হওয়া সিরিজের পুরোটা ধারাভাষ্যকক্ষে বসে দেখেছেন লক্ষ্মণ। সেই অভিজ্ঞতা থেকে তিনি মনে করছেন, অভিজ্ঞতায় এগিয়ে থাকবে সাকিব আল হাসানের দল।
লক্ষ্মণ বলেন, ‘আমি মনে করি, ভারত-বাংলাদেশ সিরিজ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। বর্তমানের দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতাসম্পন্ন দল হলো বাংলাদেশ। আর এই দলের বেশির ভাগ খেলোয়াড় ফর্মে রয়েছেন।’
লক্ষ্মণ মনে করেন, বিরাট কোহলির দল বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুল করবে। বিশেষ করে, সীমিত ওভারের ফরম্যাটে বাংলাদেশের সাম্প্রতিক ইতিবাচক পারফরম্যান্সের কথা বারবারই বললেন তিনি, ‘গত কয়েক বছর হলো বাংলাদেশ দল অনেক উন্নতি করছে। তাই আমি মনে করি, তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের সঙ্গে সব সময়ই তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে থাকে বাংলাদেশ।’
ভারত সফরে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট ম্যাচ খেলার কথা বাংলাদেশ দলের। সফরের শুরুটাই হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী তিন নভেম্বর মাঠে গড়াবে প্রথম ম্যাচ। পরে নাগপুর ও রাজকোটে হবে বাকি দুই ম্যাচ। এরপর আগামী ১৪ নভেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই সিরিজ দিয়েই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের যুগে প্রবেশ করবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ নভেম্বর, কলকাতার ইডেন গার্ডেনসে।
এই ইডেন টেস্টকে সামনে রেখে বেশ কিছু পরিকল্পনাও হাতে নিয়েছে বিসিসিআই। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নবনিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলি আশা করছেন, এই টেস্ট দেখতে আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
২০০০ সালের নভেম্বরে দেশের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচটায় বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল ভারতকে। দলটির অধিনায়কও আবার ছিলেন এই গাঙ্গুলি। ইডেন টেস্ট দেখতে সেই ম্যাচে খেলা দুই দলের সবাইকেও আমন্ত্রণ জানাবে বিসিসিআই। ম্যাচ শেষে তাদের দেওয়া হবে সংবর্ধনা।