স্বাগতিক চট্টগ্রাম আবাহনী শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে আরেকটু এগিয়ে গিয়েছে। প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে গতকাল বুধবার ইয়ং এলিফ্যান্টকে ৪-২ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল।
তৃতীয় মিনিটেই রহমত মিয়ার ক্রসে মাথা ছোঁয়ালেন আরিফুল। গোলরক্ষকের দুর্দান্ত রিফ্লেক্সের কল্যাণে কোনোক্রমে রক্ষা পায় ইয়ং এলিফ্যান্ট। তবে ১০ম মিনিটে ঠিকই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। লুকা রটকোভিচের পাশ থেকে লক্ষ্য ভেদ করেন আগের ম্যাচে জোড়া গোল করা চিনেদু ম্যাথিউ।
এর পরের মিনিটেই গোল হজম করে বসেছিল স্বাগতিকেরা। কাহার্ন ফেটসিভিলায়ের শট প্রতিহত হয় গোলপোস্টে। সমতাসূচক গোলটির জন্য অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি দলটিকে। ১৪ মিনিটে ৩০ গজ দূর থেকে আফিজে থানাকান্তির দুর্দান্ত ফ্রিকিক রক্ষণ দেওয়াল টপকে আছড়ে পরে চট্টগ্রাম আবাহনীর জালে। ২৪ মিনিটে প্রায় একই দূরত্ব থেকে ফ্রিকিক পেয়েছিল স্বাগতিকেরা। জামাল ভূঁইয়ার ফ্রিকিকটি রুখে দেন এলিফ্যান্ট গোলরক্ষক সোলাসাক থিলাভং। এর মিনিট দশেক পরে রক্ষণের ভুলে গোল হজম করে চট্টগ্রাম আবাহনী। উজবেক ডিফেন্ডার ইকবলজনের ভুল পাশ ধরে গোলটি করেন প্রথম ম্যাচে জোড়া গোল করা সমজেই কিওহানাম।
পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়া চট্টগ্রাম আবাহনী সমতা ফেরায় ৫৪ মিনিটে। প্রতি-আক্রমণে উঠে আসা ইয়াসিন আরাফাতের ক্রসে বুলেট গতির শটে গোলটি করেন মন্টেনেগ্রিন ফরোয়ার্ড লুকা রটকোভিচ। ৭২তম মিনিটে আবাহনী ম্যাচে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায়। রহমত মিয়ার লম্বা ক্রস এলিফ্যান্ট রক্ষণ বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সুযোগটা নেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বক্সের বাইরে থেকে তার নিচু শট জড়ায় প্রতিপক্ষের জালে।
এর মিনিট ছয়েক পর আবারও দৃশ্যপটে জামাল। এবার গোল করিয়ে। তার নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে ব্যবধান বাড়ান আইভোরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের।
কোচ মারুফুল হকের শিষ্যরা ম্যাচের বাকি সময়টা কেবল দাঁতে দাঁত চেপে রক্ষণকাজটা করে গেছেন। মাঝে একবার বোনপাচাং বোনকংয়ের দুর্দান্ত শটও রুখতে হয়েছে চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক মোহাম্মদ নেহালকে। যোগ করা সময়ে ইয়ং এলিফ্যান্টের আরেকটা গোলের সুযোগ প্রতিহত হয় চট্টগ্রাম আবাহনীর রক্ষণে? ফলে ৪-২ গোলের লড়াকু জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা। জামাল ভূঁইয়া গোল করে ও করিয়ে টানা দ্বিতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কারটা জেতেন।
আশা বাঁচিয়ে রাখল মোহনবাগান
দিনের অন্য ম্যাচে মোহনবাগান শিরোপাধারী টিসি স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল ‘এ’ গ্রুপের ম্যাচটির তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। সালভাদর মার্টিনেজের লম্বা বল খুঁজে নেয় টিসি বিপত্সীমায় থাকা হুলেন অলিওজোলাকে। স্প্যানিশ এই ফরোয়ার্ড পাশ বাড়ান শ্রেয়তর অবস্থানে থাকা দানিয়েল সাইরাসকে। সহজ ট্যাপ ইনে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ডিফেন্ডার লক্ষ্য ভেদ করে মোহনবাগানের আশার পালে জোর হাওয়া দেন। সাইরাসের গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে কলকাতার ঐতিহ্যবাহী দলটি। ৬৪ মিনিটে সালভাদর পেরেজের গোল ম্যাচের অনিশ্চয়তা উড়িয়ে দেয়। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।