অনূর্ধ্ব-১৯ চার দিনের ম্যাচ
বরিশাল অফিস
অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক চার দিনের ক্রিকেট ম্যাচ খেলতে গতকাল বুধবার বরিশালে এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল। সকালে বাংলাদেশ দল ও বিকেলে শ্রীলঙ্কা দল বরিশাল বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে নগরীর হোটেল স্যাডেনা ইন্টারন্যাশনালে ও গ্রান্ড পার্কে নিয়ে যাওয়া হয়।
১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর ৫৩ বছরে এই প্রথম কোনো বিদেশি দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে আসছে বরিশালে। এতে খুশি বরিশালের ক্রিকেটপ্রেমী ও উদীয়মান ক্রিকেটাররা।
২৬ অক্টোবর বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৪ দিনের ম্যাচ শুরু হবে। এর আগের দুই দিন স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দেশের খেলোয়াড়রা।
এরই মধ্যেই মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে স্টেডিয়াম ও খেলোয়াড়দের নিরাপত্তা বিষয়ে বৈঠক করেছেন। এ ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে এরই মধ্যেই নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।