বিশেষ প্রতিনিধি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ এক যাত্রীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ আরমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন। অন্যদিকে একই বিমানবন্দরে ৮৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ, সিগারেট, ওষুধ ও মোবাইল ফোন উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা।
আলমগীর হোসেন আরো জানান, গতকাল বুধবার বেলা পৌনে ২টার দিকে সিলেট হয়ে ঢাকায় আসে বাংলাদেশ বিমানের জেদ্দা থেকে আগত ফ্লাইট বিজি ০২৩৬। এই ফ্লাইটে সিলেট থেকে আসে মোহাম্মদ আরমান। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ২টার সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ওয়েস্ট ব্যান্ড থেকে বিশেষ কায়দায় লুকানো ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। রুপম নামের এক যাত্রী তাকে এই স্বর্ণ ফ্লাইট চলাকালীন সময়ে দিয়েছে বলে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
৮৫ লাখ টাকা মূল্যের পণ্য আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের স্বর্ণ, সিগারেট, ওষুধ ও মোবাইল ফোন উদ্ধার করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টম কমিশনারের কাছে গোপনসূত্রে এক সংবাদ আসে। এর ভিত্তিতে গতকাল চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউজের কর্তব্যরত প্রিভেনটিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।
গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে ফ্লাইট নম্বর এসভি-৮০২ এর যাত্রী মো. হালিম, মো. ডালিম এবং মো. কাসেমকে তল্লাশি করে পণ্যগুলো পাওয়া যায়। পণ্যগুলোর মধ্যে রয়েছে ৯০০ গ্রাম স্বর্ণ, ১০ হাজার পিস বিদেশি ওষুধ, ৩০টি মোবাইল ফোন ও ৮৩২ কার্টন বিদেশি সিগারেট। কাস্টম হাউজের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, আটক পণ্যের বিষয়ে কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।