হংকংয়ের প্রধান নির্বাহীকে সরিয়ে দিতে পারে চীন

হংকংয়ের প্রধান নির্বাহীর পদ থেকে ক্যারি ল্যামকে সরিয়ে দিতে পারে চীন। তার স্থলে নিয়োগ দেওয়া হতে পারে অন্তর্বর্তীকালীন কোনো প্রধান নির্বাহীকে। চলতি বছরের জুন মাস থেকে হংকংয়ে চলতে থাকা গণতন্ত্রপন্থিদের আন্দোলনকে নিয়ন্ত্রণে আনতে না পারার কারণেই এই সিদ্ধান্ত নিতে পারে বেইজিং। এদিকে গতকাল আনুষ্ঠানিকভাবে বিতর্কিত বন্দি প্রত্যর্পণ বিল প্রত্যাহার করেছে হংকংয়ের পার্লামেন্ট। খবর ফিন্যান্সিয়াল টাইমস ও বিবিসির

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী বছরের মার্চের মধ্যে ল্যামকে পদ থেকে সরাতে পারেন। সেক্ষেত্রে নতুন প্রশাসনিক প্রধানের মেয়াদকাল হবে ২০২২ সাল পর্যন্ত। বর্তমানে ল্যামের পরবর্তী হিসাবে চীনের পছন্দের তালিকায় আছেন হংকংয়ের সাবেক অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা নরম্যান চ্যান, প্রশাসনের   বর্তমান মুখ্য সচিব তথা সাবেক অর্থনৈতিক সচিব  হেনরি ট্যাং। চলতি বছরের জুনে হংকংয়ে বন্দি প্রত্যর্পণ বিলকে ঘিরে আশান্তির সূত্রপাত হয়। বিলে বলা হয়, হংকংয়ে কেউ অপরাধ করলে চীনের মূল ভূখণ্ডে তার বিচার করা যাবে। বিক্ষোভের মুখে বিলটি স্থগিত করা হলেও প্রতিবাদ অব্যাহত থাকে। পরে গত মাসের প্রথম দিকে বিলটি পুরোপুরি প্রত্যাহার করা হয়। আর গতকাল পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে বিলটি প্রত্যাহার করা হলো। কিন্তু প্রতিবাদ থামবে না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কারণ তাদের আরো চারটি দাবি মানতে হবে। আর প্রধান নির্বাহীকে নির্বাচনের মাধ্যমে বসানোর দাবি আছে গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের। পূর্ণ গণতান্ত্রিক হংকংয়ের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে তারা।