মালয়েশিয়া থেকে আমদানি করা মেয়াদোত্তীর্ণ ১৩ টন কাঁচা ফুচকার একটি চালান চট্টগ্রাম বন্দরে আটক করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। গত মঙ্গলবার কায়িক পরীক্ষা শেষে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম এসব কাঁচা ফুচকা মেয়াদোত্তীর্ণ বলে রিপোর্ট দেওয়ার পর চালানটি আটক করা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার মো. নুরউদ্দিন মিলন জানান, ১৩ টন ফুচকার সবগুলোই মেয়াদোত্তীর্ণ। আমদানি নীতির আদেশ অনুযায়ী এ চালান খালাসযোগ্য নয়। এসব ফুচকা বাজারে গেলে জনস্বাস্থ্যের মারাত্মক হুমকি হতে পারে। এসব ফুচকা নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে।
তিনি জানান, যশোরের কাঁঠালিয়ার মেসার্স হাসান ব্রাদার্সের নামে চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। এটি খালাসের দায়িত্বে ছিল সিএন্ডএফ এজেন্ট কুমিল্লা শিপিং। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চালানটি কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) টিম পরীক্ষা করে দেখে।