ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত

শুনানি কক্ষে ভাঙচুর রিপাবলিকানদের

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্তের শুনানি কক্ষে ভাঙচুর চালিয়েছে রিপাবলিকানরা। তারা বিক্ষোভ করেন এবং ‘তদন্ত অবৈধ’ বলে চিত্কার করেন। রিপাবলিকানরা তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাটরা। ওই কক্ষে গতকাল প্রতিরক্ষা দফতরের ইউক্রেন এবং রাশিয়া বিষয়ক কর্মকর্তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল। এদিকে ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তদন্ত কমিটিতে সাক্ষ্য দিয়েছেন। খবর রয়টার্স ও সিএনএনের

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদের অভিশংসন তদন্তে গতকাল প্রতিরক্ষা দফতরের কর্মকর্তা লরা কুপারের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। রিপাবলিকান কংগ্রেসম্যানের এক সহযোগী জানিয়েছেন, শুনানি কক্ষে ভাঙচুর চালিয়েছেন রিপাবলিকানরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা বিক্ষোভ করেন এবং তদন্ত কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। ওই সহযোগী জানিয়েছেন, রিপাবলিকানরা কক্ষে সেলফোনও নিয়ে আসেন যা আইনত অবৈধ। ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান টেড লিউ জানিয়েছেন, রিপাবলিকানরা তদন্ত কাজে বাধা দিচ্ছেন। তারা চান না কুপার সাক্ষ্য দিক। কারণ এতে এমন সব তথ্য বেরিয়ে আসবে যা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ব্যাপক ক্ষতির কারণ হবে। আরেক ডেমোক্র্যাট কংগ্রেসম্যান স্টিফেন লিঞ্চ বলেন, কুপার সাক্ষ্য দেননি। প্রতিনিধি পরিষদের এক সহযোগী জানিয়েছেন, সাক্ষ্য স্থগিত করা হয়েছে। রাশিয়া, ইউক্রেন এবং ইউরেশিয়ার প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তা কুপারের কাছে ইউক্রেনে ৩৯১ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা স্থগিতের বিষয়টি জানতে চাওয়া হতো বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম টেইলর তার সাক্ষ্যে ইউক্রেনের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ সৃষ্টির নিন্দা জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেন ও তার ছেলের বিরুদ্ধে তদন্তের আহবান জানিয়েছিলেন। না করলে সামরিক সহায়তা স্থগিতের হুমকি দিয়েছিলেন। এ বিষয়ে তদন্ত করছে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ।