রাজধানীতে চারদিনের হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল উদ্বোধন

রাজধানীর গুলশানের গার্ডেনিয়া গ্র্যান্ড হলে গতকাল বুধবার উদ্বোধন হয়েছে চারদিনের হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল। এবারের মেলার ৪৫টি স্টলে ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকছে নকশিকাঁথা, বেনারসি শাড়ি, টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, মনিপুরী কাপড়, রাঙ্গামাটির চাকমাসহ অন্যদের কাপড়, পাট ও বাঁশ-বেতপণ্য, শতরঞ্জিসহ ঐতিহ্যবাহী ১৫ ধরনের তাঁত ও কারুপণ্য। এছাড়া বুনন প্রক্রিয়া প্রদর্শনীর পাশাপাশি ফেস্টিভ্যালে প্রতিদিন লোকজ শিল্পীদের সংগীত পরিবেশনা, ফ্যাশন-শো, সেমিনার, ক্রেতা-বিক্রেতা ম্যাচমেকিং ইভেন্টের আয়োজন থাকবে।

এসএমই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশের (এএফডিবি) যৌথ উদ্যোগে গতকাল বিকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো প্রবেশ ফি ছাড়া দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।