গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করে কেউ সফল হবে না। রাজনৈতিক দূরদর্শিতাসম্পন্ন, লোভ-লালসামুক্ত সারা বিশ্বে সত্ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এদেশে কোনো লাভ হবে না। কেউ যদি ওয়ান ইলেভেনের মতো অনাকাঙ্ক্ষিতভাবে রাষ্ট্রক্ষমতায় যেতে চান, তাদের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। গতকাল বুধবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বিশ্ব বসতি দিবস-২০১৯ উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণপূর্তমন্ত্রী বলেন, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশের উন্নয়নের সঙ্গে নৈতিকতার জায়গাও উন্নতকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রমাণ করেছেন, কে কোন দল করে সেটি বিষয় নয়, দুর্নীতি করলে কাউকে ছাড় নয়। আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং বিজনেস ইনস্টিটিউট অব ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. মুহাম্মদ গোলাম সুলতান আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পল্লী উন্নয়ন অ্যাকাডেমির (আরডিএ) সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল মতিন।