দুর্নীতি আজ আমাদের বড়ো অভিশাপ :মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, এ দেশ থেকে বৈষম্য দূর করতে হবে। ধনী গরিব বৈষম্য, রাজনীতিতে বৈষম্য থাকলে এ দেশ উন্নয়নে বাধাগ্রস্ত হবে। ১৪ দল যদি ঐক্যবদ্ধ থাকে এ দেশ আরো এগিয়ে যাবে। এজন্য বেশি বেশি ঐক্যের প্রয়োজন। দুর্নীতি আজ আমাদের বড়ো অভিশাপ। হাজার হাজার কোটি টাকা কার বাড়ি থেকে, কার পকেট থেকে বের হচ্ছে, তা দেশের মানুষ জানছে এবং দেখছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স আনতে হবে।

গতকাল বুধবার বিকালে দোহার উপজেলার লটাখোলায় করম আলীর মোড়ে আয়োজিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি ভয়ানক বিপজ্জনক মাধ্যম। এর মাধ্যমে মানুষ মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি করছে। কাজেই এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। বরিশালে  আমার বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছিল। সেটা আমি দেশবাসীকে পরিষ্কার করেছি।

কমরেড মেনন বলেন, এতো ব্রিজ রাস্তাঘাট তৈরি করা হচ্ছে কার স্বার্থে। কৃষক আজ ধানের মূল্য না পেয়ে ধান পুড়িয়ে ফেলছে। আমাদের দেশে যারা ফসল ফলালো, পোশাক বানালো তাদেরকে মূল্যায়ন করতে হবে।

ঢাকা জেলা সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুর সদস্য কমরেড নুরুল হাসান, মাহমুদুল হাসান  মানিক, কেন্দ্রীয় সদস্য করম আলী, জেলা সাধারণ সম্পাদক আজহারুল হক, নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাইদুর রহমান সাইদ, দোহার উপজেলার সভাপতি নাসির উদ্দিন পল্লব প্রমুখ।