শিরিন শিলা মিস ইউনিভার্স বাংলাদেশ

 ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন শিরিন শিলা। বুদ্ধিমত্তায় সৌন্দর্যসহ সব বিভাগে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে তিনিই হলেন সেরা। তাকে মাথায় সেরার মুকুট পরিয়ে দেন ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জেতা ভারতের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ীর মাথায় যে মুকুট উঠেছে সেটি ৭৫০টি ডায়মন্ডখচিত, যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। আগামী ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। এবার এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ শিরিন শিলা। এবারের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। ফ্লোরা ব্যাংকের সহযোগিতায় এ প্রতিযোগিতা আয়োজন করে মিস ইউনিভার্স বাংলাদেশ নামক প্রতিষ্ঠান। প্রতিযোগিতায় দ্বিতীয় হন আলিশা ইসলাম, তৃতীয় হন জেসিয়া ইসলাম। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলের উজ্জ্বল মঞ্চ মিস ইউনিভার্স বাংলাদেশের সৌন্দর্যের আলোয় ঝলমল করে উঠেছিল। এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মিস ইউনিভার্স বাংলাদেশের চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক।

মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী ভীষণ উচ্ছ্বসিত শিলা। অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি মনে করি, এই প্ল্যাটফর্ম আমার জন্য অনেক জরুরি। যে লক্ষ্য নিয়ে আমি এগোনোর চিন্তা করেছি, তা বাস্তবায়নে এই প্রতিযোগিতা অনেক বেশি সহায়ক হবে। আশা করি, অনেক দূর যাব। দেশের মুখ উজ্জ্বল করব।

আয়োজনে বিচারকের আসনে প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ ও বলিউড তারকা সুস্মিতা সেন। তার সঙ্গে আরো ছিলেন তাহসান খান, কানিজ আলমাস, তুতলি রহমান, রুবাবা দৌলা, ফারজানা চৌধুরী, ড. জারিন দেলোয়ার হোসাইন, আতাহার আলী খান প্রমুখ।

বাংলাদেশে আরো দুবার এসেছিলেন সুস্মিতা সেন। ২০১১ ও ২০১৫ সালের দুটি ভিন্ন অনুষ্ঠানে ঢাকা ঘুরে যান এ বলিউড অভিনেত্রী। বাঙালি এ মিস ইউনিভার্স বাংলায় শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশে যতবার এসেছি, ততবারই মনে হয় নিজের বাড়িতে এসেছি। এ দেশের মানুষের ভালোবাসা ও আপ্যায়নের জুড়ি নেই। সুস্মিতা সেন বলেন, মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নিচ্ছে, অবশ্যই তা আনন্দের বিষয়। এ প্রতিযোগিতায় বিজয়ীরা শুধু নিজেকে উপস্থাপন করে না, পাশাপাশি বিশ্ব দরবারে তুলে ধরে নিজের দেশকে। আমার বিশ্বাস একদিন বাংলাদেশও এ প্রতিযোগিতায় বিজয়ী হবে।

দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। প্রতিযোগিতাটির বিভিন্ন ধাপ পেরিয়ে গতকাল সন্ধ্যায় বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। এ আয়োজনে নির্বাচিত সেরা ১০ থেকে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়। সেরা দশে প্রতিযোগী ছিলেন মারিয়া মুমু, সানোবার তাইফা, স্মৃতি আক্তার, আফলা আমরার, জেসিয়া ইসলাম, তামান্না ইসরাত সোহানি, ঈরানা ইশরাত, তৌসিবা ইসলাম আনিতা, আলিশা ইসলাম ও শিরিন শিলা।