সাবিলার বিয়ের বাজনা বাজলো

অবশেষে মডেল-অভিনেত্রী সাবিলা নূরের বিয়ের বাজনা বাজলো। গতকাল ছিল গায়ে হলুদ। রাজধানীর একটি ক্লাবে বেশ জাঁকজমকভাবে গায়ে হলুদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আগামী ২৭ অক্টোবর বউভাত অনুষ্ঠান।

সাবিলার বর নেহাল সুনন্দ তাহের পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয়। শুরুতে বন্ধুত্ব থাকলেও এক সময় দু’জন একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেন নেহাল।

সাবিলা নূর বলেন, ‘নেহাল ও আমি খুব ভালো বন্ধু। ও আমাকে বোঝে। আমার কাজের ব্যাপারেও বেশ সাপোর্ট করে। আমার কঠিন সময়ে নেহাল আমার পাশে ছিল। সেই বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছি। আমাদের নতুন জীবনের জন্য সকলের কাছে দোয়া চাই।’

বিয়ের আগেই হানিমুকে কোথায় যাবেন তার পরিকল্পনা করে রেখেছেন এই অভিনেত্রী। হানিমুন প্রসঙ্গে সাবিলা বলেন, ‘এখনো খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারিনি। তবে আগেই ভেবে রেখেছিলাম গ্রিস অথবা মরিশাসে যাব। দেখা যাক।’

চাঁদপুরের ছেলে নেহাল। তার বাবা বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক প্রয়াত আবু তাহের। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন। দুই ভাইবোনের মধ্যে নেহাল ছোট। চট্টগ্রামের মেয়ে সাবিলা। তার বাবা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম।