আর-ভেঞ্চারের স্টার্টআপ উদ্যোগগুলোকে সুবিধা দিতে টিআইই ঢাকা ও দি অ্যাঞ্জেল নেটওয়ার্ক (টিএএন)-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষ ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি রবি। বাংলাদেশে স্টার্টআপের ধারাকে এগিয়ে নিতে আর-ভেঞ্চারের উদ্যোগ নিয়েছে রবি।
চুক্তির আওতায় আর-ভেঞ্চার ২.০-এর উদ্যোক্তারা টিআইই ঢাকা থেকে মনিটরিং ও গ্রুমিং সহায়তা এবং টিএএন থেকে বিনিয়োগ সুবিধা পাবেন। এ উপলক্ষ্যে রাজধানীর রবি করপোরেট অফিসে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ, চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমদ, টিআইই এর চেয়ারম্যান সোনিয়া বশির কবির, টিআইই এর প্রেসিডেন্ট ও টিএএন এর ভাইস চেয়ারম্যান রুবাবা দৌলা, টিআইই এর উপদেষ্টা শামীম আহসান, টিএএন এর উপদেষ্টা প্রজিত্ বালাসুব্রামনিয়ামসহ উভয় পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে রবির নেওয়া অনন্য একটি উদ্যোগ হলো আর-ভেঞ্চার। ২০১৭ সালে প্রথমবার রবি তার নিজস্ব কর্মকর্তাদের জন্য আর-ভেঞ্চার চালু করে। আর-ভেঞ্চার ১.০ এর সফলতার পর ২০১৯ সালে রবি বড়ো পরিসরে আর ভেঞ্চার ২.০ চালু করে। ১৯৯২ সালে সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠিত হওয়া টিআইই একটি অ-লাভজনক প্রতিষ্ঠান। সকল শিল্পের উদ্যোক্তাদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সহায়তার হাত বাড়িয়ে দেয় টিআইই। মনিটরিং, নেটওয়ার্কিং, এডুকেশন, ইনকিউবেটিং ও ফান্ডিং-এর মাধ্যমে স্টার্টআপ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ফ্ল্যাগশিপ কর্মসূচি চালু করাই এর লক্ষ্য। বাংলাদেশে মূলধন বিনিয়োগকারীদের একটি প্রতিষ্ঠান হলো টিএএন যা ২০১৯ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়।
ইতিমধ্যে এটি ২৫-এর বেশি মূলধন বিনিয়োগকারীদের সাথে কাজ করছে যারা বিভিন্ন খাতে বিভিন্ন স্তরে বিনিয়োগের জন্য প্রস্তুত। বর্তমানে এটি ৩০টি’র বেশি স্টার্টআপ এর সাথে কাজ করছে এবং তাদের অগ্রগতি মূল্যায়ন করছে।