লিওনেল মেসি প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে গোল করার রেকর্ড গড়লেন। গত বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের দুর্বল দল স্লাভিয়া প্রাগের মাঠে খেলতে গিয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা কষ্টার্জিত জয় পেলে তাতে একমাত্র গোলটিই ছিল মেসির।
বার্সেলোনা অধিনায়ক মেসি আর্থারের সঙ্গে দেওয়া-নেওয়ার পর তৃতীয় মিনিটে বিপক্ষের জালে বল পাঠান। চেক চ্যাম্পিয়নরা যোগ্যতার নিরিখেই গোলটি শোধ করে দেয়। ৫০তম মিনিটে গোলটি করেন জান বোরিল। সাত মিনিটের মধ্যেই মেসির ফ্রিকিকের শট লুইস সুয়ারেজ হয়ে বিপক্ষের পায়ে লেগে নিজেদের জালে গেলে স্লাভিয়া প্রাগের আর কিছুই করার ছিল না। স্লাভিয়া হলো—মেসি চ্যাম্পিয়ন্স লিগে যে ক্লাবগুলোর বিরুদ্ধে গোল করেছেন, তাদের হিসেবে ৩৩তম দল। এটিও একটি রেকর্ড এবং একই কৃতিত্ব আছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও রাউলের। মেসি টানা ১৫ মৌসুমের বিচারে রেকর্ড গড়লেও সবচেয়ে বেশি মৌসুম গোল করার রেকর্ডটি ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রায়ান গিগসের। চ্যাম্পিয়ন্স লিগে ১৬ মৌসুম গোল করেছেন গিগস।
স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা এ নিয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় খেলায় জয়ী হলো। এ জয়ে কোচ আর্নেস্তো ভালভার্দের দল ‘এফ’ গ্রুপে তিন খেলা শেষে সাত পয়েন্ট পেয়ে শীর্ষেই রইল। তিন পয়েন্টের ব্যবধানে কাতালান ক্লাবটির পেছনে আছে ইন্টারমিলান ও বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগে এ গ্রুপের খেলায় ইন্টার ও বরুশিয়া ইতালির সান সিরোয় মুখোমুখি হয়েছিল। তাতে ২-০ গোলে জিতেছে স্বাগতিক ইন্টারমিলান।
লিভারপুলের বড়ো জয়
অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলিনের জোড়া গোলে শিরোপাধারী লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে জেঙ্ক এর বিরুদ্ধে ৪-১ গোলে জিতল। এছাড়া গোল করেন সাদিও মানে ও মোহামেদ সালাহ।
লিভারপুল এ জয়ের পরও ‘এফ’ গ্রুপে নাপোলির চাইতে পিছিয়ে আছে দ্বিতীয় স্থানে। নাপোলিও গতকাল বুধবার রাতে নিজেদের খেলায় সালজবুর্গের বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে।