চীনে হবে ২৪ দলের ক্লাব বিশ্বকাপ

ক্লাব বিশ্বকাপের ২০২১ সালের আসরটি হবে চীনে। ফিফা এ তথ্য জানিয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন এটা হবে ‘প্রথম সত্যিকারের এবং আসল ক্লাব বিশ্বকাপ’। বর্তমানে টুর্নামেন্টটি সাত দলের হলেও চীনা আসর থেকে এটি হবে ২৪ ক্লাবের। চীনের সাংহাইয়ে ফিফা কাউন্সিলের সভাশেষে ইনফান্তিনো বলেন, চীনে এ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্তটি ঐতিহাসিক এবং এটি এশিয়া ক্লাব ফুটবলের চর্চাকে আরো উন্নত করবে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলো অবশ্য ইতিপূর্বে জানিয়েছিল তারা এ টুর্নামেন্টটি বয়কট করবে। গেল মার্চে ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ) প্রতিযোগিতাটিতে দলসংখ্যা বাড়ানোর কারণে উদ্বেগ প্রকাশ করেছিল। বর্ধিত কলেবরের এ বিশ্বকাপটি মাঠে গড়াবার আগে দুটি আসর করবে কাতার। সেগুলো শুধু সাতটি ক্লাবকে নিয়ে।