অনুপ্রবেশের অভিযোগে আটক থাকার পর চার বাংলাদেশি কিশোরকে হস্তান্তর করেছে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত দেড় বছর ধরে তারা ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ণ হোমে আটক ছিল।
দেশে ফিরে আসা ঐ কিশোররা হলো জহিরুল ইসলাম (১৫), আলামিন ইসলাম (১৬), আরিফ হোসেন (১৫) এবং নূর মোহাম্মদ (১৪)।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি রফিকুজ্জামান জানান, এরা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে পুলিশ তাদের আটক করে। এদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় কারাগারের পরিবর্তে বালুরঘাট শুভায়ণ হোমে আটক রাখা হয়। এরপর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের হস্তান্তর করে।