বালাইনাশকমুক্ত সবজি চাষে ক্রমেই আগ্রহী হয়ে উঠছেন নাটোরের কৃষকরা। পোকামাকড়ের আক্রমণ থেকে সবজিকে রক্ষা করার জন্য বেশিরভাগ জমিতেই কীটনাশকের ব্যবহার করা হয় যা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। নাটোর সদরের দত্তপাড়া এলাকার মো. হানিফ ও মো. হাসান বলেন, বিগত পাঁচ বছর ধরে ৬০ শতাংশ জমিতে বিভিন্ন সময়ে ফুলকপি, কাঁকরোল, শিমসহ অন্য সবজি চাষ করছেন। আগে পোকা দমনে স্প্রে ব্যবহার করা হলেও এখন ফেরোমেন ফাঁদ ব্যবহার করা হয়। নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার নাটোরে মানব স্বাস্থ্যের নিরাপত্তার জন্য বালাইমুক্ত সবজি চাষে চাষিদের অন্তর্ভুক্তির ব্যাপারে বলেন, প্রকল্পের বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে কৃষকদের এক দিনের বালাইমুক্ত সবজি চাষের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে কৃষকরা তাদের জমিতে সবজিভেদে ফেরোমেন ফাঁদ, আলোক ফাঁদ, নিম পাতার রস স্প্রে প্রভৃতি পদ্ধতি প্রয়োগ করে।