নওগাঁয় বুধবার তিন দিনব্যাপী ১৬তম মানবাধিকার নাট্য উত্সবের উদ্বোধন করা হয়েছে। নাট্য উত্সবের উদ্বোধন করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ঢাকার নির্বাহী পরিচালক শীপা হাফিজা। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. শাওনেওয়াজ। বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) জেলা শাখার আয়োজনে এ উপলক্ষ্যে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি সূচনাযাত্রা বের হয়। যাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়।
বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) জেলা শাখার সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে সভায় আইন ও সালিশ কেন্দ্র (ঢাকা) উপপরিচালক নীনা গোস্বামী, জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি নবীর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।