তিন বছরের কমিটির ১৬ বছর পার

কেন্দ্রকে ‘ম্যানেজ’ করে টিকে রয়েছে যশোর জেলা যুবলীগ!

তিন বছরের জন্য গঠিত যশোর জেলা যুবলীগ ১৬ বছর পার করেও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়নি। পদপ্রত্যাশী নেতাকর্মীরা বলছেন, পদে একবার কেউ গেলে তারা আর তা ছাড়তে চান না। এক্ষেত্রে কেন্দ্রকে ‘ম্যানেজ’ করেই দীর্ঘদিন কমিটিকে টিকিয়ে রাখা হয়েছে বলে তাদের অভিযোগ। এতে পদপ্রত্যাশী ও সাধারণ নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে।

দলীয় সূত্র জানায়, ২০০৩ সালের ১৯ জুলাই সর্বশেষ যশোর জেলা যুবলীগের সম্মেলন হয়।  মেয়াদ উত্তীর্ণ যশোর জেলা যুবলীগের সর্বশেষ কমিটির সহসভাপতি ও সভাপতি পদপ্রত্যাশী সৈয়দ মুনীর হোসেন টগর ইত্তেফাককে বলেন, কোনো ইস্যুতেই সভাপতি-সম্পাদক একমত হয়ে কর্মসূচি দিতে পারেন না। কার্যক্রম না থাকায় সংগঠন স্থবির হয়ে পড়েছে।

যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল বলেন, রাজপথে থেকে ছাত্রলীগ করেছি। মনে ক্ষোভ আছে আজও যুবলীগ করতে পারলাম না। অবিলম্বে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব এসে সংগঠনকে সংগঠিত করুক— এটাই চাই। যশোর জেলা যুবলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী বলেন, সভাপতি ও সম্পাদক হিসেবে ২৪ বছর পার করেছি। তবে সম্মেলন কেন হচ্ছে না জানতে চাইলে বলেন, যুবলীগের কেন্দ্রীয় বিদায়ী সভাপতি দুই বছর আগে আমার মতামত নিয়ে এডহক কমিটি গঠন করতে চেয়েছিলেন। আসলে উনি দুই পার্টির কাছ থেকেই সুবিধা নিয়েছিলেন বলে শেষমেশ আর কমিটি দিতে পারেননি।