এনডিএফ বিডি ষষ্ঠ খুলনা বিভাগীয় বিতর্ক উত্সব আজ

‘সবুজে বাঁচি সবুজ বাঁচাই, যুক্তি দিয়ে জীবন সাজাই’ স্লোগানে বিতর্ক প্রেমীদের সবচেয়ে বড়ো মিলন মেলা এনডিএফ বিডি ষষ্ঠ খুলনা বিভাগীয় বিতর্ক উত্সব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সকাল ৮টায় নগরীর বয়রার খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসাবে দিনব্যাপী এ বিতর্ক উত্সবের উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিতর্কের প্রসার ও শিক্ষায় বিশেষ অবদানের জন্য ব্যতিক্রমধর্মী এই বিতর্ক মেলার আয়োজন করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনা অঞ্চল। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক ইত্তেফাক এবং ইলেকট্রিক মিডিয়া চ্যানেল আই ও সারা বাংলা।

বিতর্কের এই মহা মিলন মেলায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীসহ ১১টি জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক অংশগ্রহণ করবেন।

এ পর্বের সভাপতিত্ব করবেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক টি এম জাকির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক সাইফুর রহমান খান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এ কে এম শোয়েব।

সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা পাবলিক কলেজের উপাধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরী ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর মহাসচিব তামজিদ হাসান পাপুল। এ পর্বে সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি খুলনা অঞ্চলের মডারেটর মো. তাকদীরুল গনী।