দুর্নীতিবিরোধী অভিযান চলবে, আশা সংসদীয় কমিটির

ক্যাসিনো, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিত ধন্যবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ অভিযান অব্যাহত থাকবে বলে কমিটি আশা করছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করা হয়।

কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আফছারুল আমীন, সামছুল আলম দুদু, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, সুলতান মোহাম্মদ মনসুর অংশ নেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা ‘মুজিব বর্ষ-২০২০’ উদযাপন উপলক্ষ্যে জননিরাপত্তা বিভাগ ও এর আওতাধীন সংস্থার সমন্বয়ে গৃহীত কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড সংক্রান্ত যুক্তরাজ্যে গঠিত তদন্ত কমিশন ও এর কার্যপরিধির বৃত্তান্ত, পুলিশ বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর স্মৃতি সম্বলিত তথ্য সংগ্রহ ও প্রামাণ্য চিত্র নির্মাণ, প্রতিটি থানায় শিশু-বয়স্ক নারী-প্রতিবন্ধীদের জন্য বিশেষ ডেস্ক চালু, ৯৯৯ ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস সেবা আধুনিকীকরণ এবং পরিত্যক্ত বিওপিকে ‘বঙ্গবন্ধু শিক্ষা নিকেতন’ হিসেবে রূপান্তর সংক্রান্ত কার্যক্রমসমূহ ‘মুজিব বর্ষ-২০২০’ উদযাপনকল্পে জাতীয় কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে মর্মে জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়।   

কারাগারে ডাক্তার নিয়োগের বিষয়েও দ্রুত পদক্ষেপ নিতে কমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করেছে। সংসদীয় কমিটিকে জানানো হয়, কারা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৫৯টি কারাগারে মাদকাসক্ত নিরাময় ইউনিট চালু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি কারাগারে এ ধরনের ইউনিট স্থাপনের মাধ্যমে মাদকাসক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাসহ দক্ষ জনশক্তিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।