রিমান্ড শেষে সম্রাট কারাগারে

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার তাকে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে সম্রাটের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৫ অক্টোবর অস্ত্র ও মাদক মামলায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। গত ৯ অক্টোবর সম্রাটকে গ্রেফতার দেখানোপূর্বক রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। ওই দিন শারীরিক অসুস্থতার কারণে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে ভর্তি থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সাজাপ্রাপ্ত কয়েদি ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না বলে আদালতকে চিঠি দেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী। সম্রাট অসুস্থ থাকায় আদালতে উপস্থিত না করায় ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী এ বিষয় শুনানির জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করেছিলেন।

৮ অক্টোবর সকালে বুকে ব্যথা অনুভব করায় সম্রাটকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরে ১২ অক্টোবর জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় সম্রাটকে।

গত ৬ অক্টোবর সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও আরমানকে র্যাব গ্রেফতার করে।