ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপকর্মের দায় তাদেরকেই নিতে হবে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের প্রশ্রয় দেয়া হবে না।
সাম্প্রতিক অভিযানে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে ডিএনসিসি সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, ‘অপকর্মকারী কাউন্সিলরদের শাস্তি পেতেই হবে। আমি কারো কাছ থেকে চাঁদা নেইও না, কোনো চাঁদাবাজকে প্রশ্রয়ও দেই না।’
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগ আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে এক সুধী সমাবেশে তিনি এ সব কথা বলেন।
ফুটপাত দখলকারী ও ফুটপাত থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করে জানগণের কাছে ফিরিয়ে দেয়া হবে। বালু ফেলে অনেক খাল ভরাট করা হচ্ছে, সেগুলোও পুনরুদ্ধার করা হবে। জনগণের স্বার্থে প্রয়োজন হলে স্থানভেদে বাজার করে দেয়া হবে।’
নারীদের জন্য অভিযোগ বক্স তৈরি হচ্ছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, নারীবান্ধব একটি ঢাকা করতে চাই। যেখানে নারীদের পরিচয় গোপন রেখে তাদের অভিযোগ আমলে নেবে সিটি করপোরেশন।
সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড সম্পর্কে তিনি বলেন, ওই ওয়ার্ডগুলোর রাস্তা অত্যন্ত সরু ও বেহাল। রাস্তাগুলো প্রশস্তকরণের পাশাপাশি ড্রেনেজ সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। যার কাজ দুই মাসের মধ্যে শুরু হবে।
আরো পড়ুন : অপসংস্কৃতির আগ্রাসনে সুস্থ সংস্কৃতি বিপর্যয়ের মুখে : জিএম কাদের
পুরো সিটি করপোরেশন এলাকাকে সিসি টিভির আওতায় আনা হবে জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, অপকর্মরোধে সিটি করপোরেশন পুলিশকে সহায়তা করবে। পুলিশ জনগণের বন্ধু। জনগণেরও উচিত পুলিশকে সহায়তা করা।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আকবর হোসেন পাঠান, একেএম রহমতুল্লাহ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আশরাফ হোসেন প্রমুখ। বাসস
ইত্তেফাক/ইউবি

