ক্যান্সার আক্রান্ত সিনিয়র সাংবাদিককে তারেক রহমানের আর্থিক সহায়তা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২১:৪১

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত সিনিয়র সাংবাদিক ও আমার দিন পত্রিকার সাবেক সম্পাদক রাশীদ-উন-নবী বাবুকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। বুধবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় আর্থিক অনুদান প্রদান করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে রাশীদ-উন-নবী বাবুর বোন মনিরা আক্তার রুমির হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

আরও পড়ুন: কুমিল্লায় ট্রাক চাপায় এএসআই নিহত

আর্থিক সহায়তা প্রদানকালে রুহুল কবির রিজভী বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ বিশিষ্ট সাংবাদিক রাশীদ-উন-নবী বাবুর শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। তিনি তার চিকিৎসা সহায়তার জন্য অল্প কিছু অনুদানের ব্যবস্থা করেছেন।

এ সময় সাংবাদিক বাবুর বোন রুমি বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত যে, বর্তমানে বাবু ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়ালে ভর্তি রয়েছেন। প্রথমে ওই দেশের ভেলোরের সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

ইত্তেফাক/এএএম