নির্যাতন দখল ও সিটি নির্বাচনের তারিখ বদলের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৬:৫৬

কুমিল্লার মুরাদনগরে হিন্দু কিশোরকে হাত পা বেঁধে নির্যাতন, বরগুনার পাথরঘাটায় শিল্পী কর্মকারের জায়গা দখল, কুষ্টিয়ার কুমারখালিতে তুহিনুর রহমান তুহিন ও তারিকুর রহমান তারিক কর্তৃক আদিবাসী সম্প্রদায়ের বসতভিটা ও মন্দির দখল চেষ্টার প্রতিবাদে এবং সরস্বতী পূজার দিন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, হিন্দু যুব ফোরাম ও হিন্দু ছাত্র ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে স্বাধীন বাংলা বেতার শিল্পী ও বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সেক্রেটারি জেনারেল মানিক চন্দ্র সরকার, সুনীল চক্রবর্তী, টিকে পাণ্ডে, গোপাল মজুমদার, অরুণ দাস অনিক, অজয় কুমার বিশ্বাস, রাজীব দাস, সুফল মণ্ডল, মানিক সরকার, মদন সর্দ্দার, নারান সর্দ্দার, সমীর সরকারসহ বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, কুমারখালী বহুমুখী আদিবাসী সমবায় সমিতির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত পরিবারে সদস্যরা। আরও বক্তব্য রাখেন, হিন্দু ফোরাম, হিন্দু যুব ফোরাম ও হিন্দু ছাত্র ফোরামের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেত্রীবৃন্দ।

আরও পড়ুন: রাসিক মেয়রের পরিবেশ বান্ধব শহরের সম্মাননা গ্রহণ

মানববন্ধনে মানিক চন্দ্র সরকার বলেন, সংখ্যালঘু জনগোষ্ঠীকে অসহায়ত্বে রেখে বা বিপদে ঠেলে দিয়ে শান্তি ও স্বস্তিতে থাকার কথা যারা ভাবছেন, তাদের ভাবনা সফল হবে না। সংখ্যালঘুদের অস্তিত্ব বিপন্ন করে গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। রাজনৈতিক দলগুলো একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে। ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে।

ড. মনোরঞ্জন ঘোষাল বলেন, সহিংসতা বন্ধ না হলে তা অসাম্প্রদায়িক চেতনাকে প্রশ্নবিদ্ধ করবে।এসব ঘটনা মানবাধিকারের জন্য এক অশনিসংকেত। সারাদেশে একের পর এক হিন্দুদের ওপর নির্যাতন ঘটে চলছে। আমরা এদেশের নাগরিক আমাদের নিরাপত্তা ও বিভিন্ন দাবি দাওয়া পূরণ করা প্রতিটি সরকারের দায়িত্ব। 

ইত্তেফাক/এসি