রোহিঙ্গাদের জন্য ভারতীয় ত্রাণ সহায়তার চতুর্থ চালান বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় হাই কমিশন। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন বলছে, ভারতের 'অপারেশন ইনসানিয়াতের' অংশ হিসেবে এবং বাংলাদেশ সরকারের ‘অনুরোধে’ এই সহায়তা দেয়া হচ্ছে।
হাই কমিশন জানায়, ভারতীয় ত্রাণ সহায়তার চতুর্থ চালানে রয়েছে দুই লাখ ২৫ হাজার কম্বল, দুই লাখ উলের সোয়েটার ও পাঁচশ সৌর সড়কবাতি। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ পর্যায়ের এই ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই সহায়তা বাংলাদেশের প্রতি ভারতের চলমান অংশীদারিত্ব ও সহযোগিতার অংশ, বিশেষ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিপুল সংখ্যক বাস্তুহারা মানুষের ঢলে বাংলাদেশের ওপর যে বোঝা আরোপিত হয়েছে সেটি ভাগ করে নেওয়ার ক্ষেত্রে।’
ডিসেম্বরের ২৪ তারিখ থেকে বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কর্তৃক কক্সবাজারে ক্যাম্পসমূহে এসব সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে হাই কমিশন।
ইত্তেফাক/টিএস
