আসন্ন ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং এফবিসিসিআই ও বিজিএমইএ এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘তথ্যপ্রযুক্তি হলো এখন দেশ চালানোর অন্যতম প্রধান হাতিয়ার। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে আমার কাজ হবে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ঢাকা-১০ আসন তথা দেশের উন্নয়ন করা এবং প্রতিটি খাতকে সমৃদ্ধশালী ও ব্যবসাবান্ধব তৈরি করা।’
শনিবার বিকালে রাজধানীতে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা-১০ আসনে তথ্যপ্রযুক্তি খাতে উন্নয়নের রূপরেখা তৈরি করাই ছিলো অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য বিষয়। ধানমন্ডির প্যারাগন কমিউনিটি সেন্টারে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেঞ্চার ক্যাপিটাল এন্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভিসিপিয়াব) এর সভাপতি ও বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান।
আরো পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন ৫ ক্রিকেটার
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, এফএনএস মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, বাংলা টিভির ভাইস চেয়ারম্যান সৈয়দ গোলাম দস্তগীর, বিজিএমইএ এর সহ-সভাপতি মশিউল আযম সজল, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, এফবিসিসিআই এর সাবেক পরিচালক আমিন হেলালি, এফবিসিসিআই পরিচালক তাবারাকুল তোসাদ্দেক খান টিটু, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মেজবাউর রহমান রতন ও বিডি জবস এর প্রধান নির্বাহী ফাহিম মাশরুর প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ঢাকা-১০ আসনের তথ্যপ্রযুক্তিখাতের উদ্যোক্তা, পেশাজীবী ও ছাত্ররা তাদের প্রত্যাশা ব্যক্ত করেন। এই আসনের অধিভুক্ত অঞ্চলকে তারা একটি আইটি হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্মার্ট সিটির আঙ্গিকে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়টি তুলে ধরেন।
ইত্তেফাক/এএএম

