করোনায় অসহায় ঢাকাবাসিকে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইশরাক

আপডেট : ১৬ মে ২০২০, ১৮:০৮

করোনায় লকডাউনের কারণে রাজধানীর দিন মজুর এবং খেটে খাওয়া অসহায় হয়ে পড়া পরিবারগুলোর পাশে ত্রাণ নিয়ে  সাহায্যের হাত বাড়িয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সিটি নির্বাচনে পরাজিত হলেও বৈশ্বিক মহামারি করোনায় থাবায় যখন বিশ্ব লণ্ডভণ্ড তখনও তিনি শহরের অসহায় মানুষগুলোকে ভুলে যাননি। 

দেশে করোনার আঘাতের শুরু থেকেই বিভিন্ন কর্মসূচি নিয়ে নগরবাসির পাশে দাঁড়িয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীকে লকডাউন করার সাথে সাথেই ঢাকার দুস্থ পরিবারগুলোর জন্য ঘোষণা করেছেন প্রজেক্ট ঢাকা এইড কর্মসূচি। যার উদ্দেশ্য হলো নগরীর কমপক্ষে ১০ হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো। 

গত ২৮ এপ্রিল সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় এই কর্মসূচির। আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঘোষণা দেওয়া হয় একটি তহবিল গঠনেরও। এরইমধ্যে ঢাকার ১০ হাজার পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে ইশরাকের ঘোষিত ঢাকা এইডের ১০ হাজার খাবার সামগ্রীর প্যাকেট। যদিও ১০ দিন ব্যাপী তহবিল গঠনের এ কর্মসূচি থেকে এসেছে মোট সাড়ে ৯ লাখ টাকা। যা দিয়ে প্রস্তুত করা হয়েছে ২ হাজার প্যাকেট আর ৮ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে ইঞ্জিনিয়ার ইশরাকের নিজস্ব অর্থায়নে। 
প্রতিদিনই সকাল থেকে রাত অবধি নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে চলছে ইশরাকের ত্রাণ ভর্তি গাড়ি।এমনকি বৃষ্টিতে, রাতের আধারেও দুস্থদের বাসায় বাসায় পৌঁছে দেওয়া হয়েছে ইশরাকের খাবার সামগ্রী। 

নগরবাসির মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে ইশরাকের ‘প্রজেক্ট ঢাকা এইড’ কর্মসূচিটি। এরইমধ্যে শেষ হয়েছে তহবিল সংগ্রহের নির্ধারিত ১০ দিন।এখন ফাউন্ডেশনের পক্ষ থেকে আর কোন ডোনেশন গ্রহণ করা হচ্ছেনা বলেও ঘোষণা দিয়েছেন ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফাউন্ডেশনের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজ এ সংক্রান্ত ঘোষণায় এখনও যারা ডোনেট করতে আগ্রহ প্রকাশ করছেন তাদের প্রতি পরবর্তী এমন মহতী উদ্যোগে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।

ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের এ আহ্বানে সাড়া দিয়ে গত ১০ দিনে ফাউন্ডেশনের তহবিলে খাবার সামগ্রীসহ মোট ডোনেশন এসেছে প্রায় সাড়ে ৯ লাখ টাকা। আর শুধু টাকার পরিমাণ এসেছে ৭ লাখ ৭৫ হাজার ৬শ ৭৫ টাকা। 

ইত্তেফাক/এসআই