‘আগুনের ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি থাকলে ব্যবস্থা’

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১৫:৫১

বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকনের গোডাউনে আগুন লাগার ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি থাকলে তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।

শনিবার (২১) দুপুর ২টা ৩০ মিনিটে ঘটনাস্থলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে। এখানে এমিকন নামে একটি প্রতিষ্ঠানের শোরুম ও কারখানা ছিল। যেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণ হলেও ভবনের ভিতরে প্রচুর তাপ রয়েছে। সেই তাপ আমরা বের করার চেষ্টা করছি। এখানে কোনো ধরনের হতাহতের খবর আমরা পায়নি। 

রাজধানীর বনানীতে ভবনে অগ্নিকাণ্ড

আগুন নিয়ন্ত্রণে ৪ ঘণ্টার মতো সময় কেন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, আগুন মূলত একটি গোডাউনে লেগেছিল। গোডাউনে বিভিন্ন মালামাল থাকায় আগুন নিয়ন্ত্রণে  সময় বেশি লেগেছে।  

প্রতিবারই আগুন লাগার পর ফায়ারের পক্ষ থেকে বলা হয়- ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। তার পরও ভবন মালিকের বিরুদ্ধে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় না কেন- এ বিষয়ে জানতে চাইলে ফায়ার ডিজি বলেন, ভবনের মালিকের বিরুদ্ধে সব সময় ব্যবস্থা নেওয়া হয়। আগুন লাগার পর তদন্ত কমিটির প্রতিবেদনের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।


ইত্তেফাক/কেএইচ/ইউবি