অবৈধভাবে ইউরোপে প্রেরণকালে সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশী নিহতের ঘটনায় জড়িত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-শরীয়তপুর জেলার আক্কাস মাতুব্বর (৩৯), সিলেট জেলার এনামুল হক তালুকদার (৪৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুর রাজ্জাক ভূইয়া (৩৪) ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, অবৈধভাবে ইউরোপে পাঠানোকালে সম্প্রতি ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ওই পাচারের সঙ্গে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিদেশে কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত আছে। এই সংঘবদ্ধ চক্রটি বিদেশি চক্রের যোগসাজসে অবৈধভাবে ইউরোপে লোক প্রেরণ করে আসছে। এই সিন্ডিকেটটি তিনটি ধাপে কাজগুলো করত। প্রথমে তারা বিদেশে গমনেচ্ছুক ব্যক্তিকে নির্বাচন করে, পরে বাংলাদেশ হতে লিবিয়ায় প্রেরণ করে। সেখান ইউরোপ প্রেরণ করে।
আরো পড়ুন : ট্রফির সপ্তম মিশনে বাংলাদেশ, সাকিবকে নিয়ে শঙ্কা
প্রসঙ্গত, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়ার উপকূলবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় একজন বাংলাদেশি মারা গেছেন এবং ৩৯ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজ সবাই মারা গেছেন। এ ঘটনায় ১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, নোয়াখালীর তিন ভাইয়ের একটি চক্র এবং সিলেটের অসাধু ট্রাভেল এজেন্সিগুলো মানব পাচারের সঙ্গে জড়িত বলে শনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/ইউবি

