খুলনায় চার হাসপাতালে করোনা ও উপসর্গে রেকর্ড ২৭ জনের মৃত্যু

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২:২২

খুলনার চারটি হাসপাতালে করোনা ও উপসর্গে রেকর্ড ২৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনায় ২৩ জন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১১ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন ও শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ২২ জন,  বুধবার ২২ জন, গত ৬ ও ৫ জুলাই ১৭ জন করে, ৪ জুলাই ১৫ জন, ৩ ও ২ জুলাই ১১ জন করে এবং ১ জুলাই ১০ জনের মৃত্যু হয়েছিল।

খুলনা বিভাগে করোনায় আরও ৫১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৩২

খুলনা ডেডিকেটেড  করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন- খুলনার রূপসা উপজেলার বাবুল মোল্লা (৫০), খুলনা মহানগরীর কদমতলা এলাকার জুলেখা (৫৭), সদর থানা এলাকার হোসনেয়ারা (৫৫), সোনাডাঙ্গা থানা এলাকার আবুল কালাম আজাদ (৪৬) ও একই এলাকার রোকেয়া (৬০), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কুমুদ মণ্ডল (৭৮) এবং নড়াইলের পুষ্প রানী (৬৫)। এছাড়া করোনা উপসর্গে চারজন মৃত্যুবরণ করেছেন।

বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন। যার মধ্যে রেড জোনে ১২৬ জন, ইয়ালো জোনে ১৯ জন ও আইসিইউতে ১৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন, মো. ইউনুস আলী (৭০)। এ ছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৪৫ শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন পাঁচজন।

১ সপ্তাহে করোনায় মৃত্যু হাজারেরও বেশি

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, খুলনা মহানগরীর বানিয়াখামার এলাকার মমতাজ বেগম (৩৫), মিয়াপাড়ার শামীম আরা (৬০), রূপসা উপজেলার মোজাফফর শেখ (৬০), একই উপজেলার হানিফ মোড়ল (৬৫) এবং নড়াইল জেলার মুলতাহি এলাকার রামেসা খাতুন (৭৫)। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। এরমধ্যে ৩৪জন পুরুষ ও ৩৭ জন মহিলা। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় -১০ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের বিষু মণ্ডল, একই উপজেলার আবেদা (৬৫), রূপসা উপজেলার মনিরা বেগম (৬৫), দিঘলিয়া উপজেলার আব্দুল হাকিম (৪৫), খুলনা মহানগরীর রুবিনা (৫০), ইসলাম কমিশনার রোডের মোস্তফা (৪০), খালিশপুরের সেলিম শিকদার (৫৮), যশোরের নওয়াপাড়ার কুলসুম বেগম (৭০), অভয়নগরের ফাতেমা (৭৫) ও একই উপজেলার গোরাপানি এলাকার আনোয়ারা (৪৫)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরও ১২৯ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।

ইত্তেফাক/এমআর