রাজধানীর ওয়ারীতে সিলভারডেল স্কুলের নার্সারির ছাত্রী সামিয়া আফরিন সায়মাকে (৭) ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
আজ বুধবার ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কাজী আব্দুল হান্নানের আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী আব্দুস সালাম ও বাসার দারোয়ান ফরিদ মোল্লা। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের পেশকার তৈয়ব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২ জানুয়ারি মামলার একমাত্র আসামি হারুন আর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
৫ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ধর্ষক হারুন আর রশিদকে আসামি করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়ারী জোনাল টিম (নিরস্ত্র) মো. আরজুন।
মামলার একমাত্র আসামি হারুন আর রশিদকে গত ৭ জুলাই তার বাড়ি কুমিল্লার তিতাস থানার ডাবরডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরের দিন হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় হারুন। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে কারাগারে আছে হারুন।
আরও পড়ুন: ইভিএমে প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত হয়: সিইসি
উল্লেখ্য, গত ৫ জুলাই সন্ধ্যার পর থেকে শিশু সায়মার খোঁজ পাচ্ছিল না তার পরিবার। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবনির্মিত একটি ভবনের নবম তলার খালি ফ্ল্যাটের ভেতর সায়মাকে মৃত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। বাসস
ইত্তেফাক/কেকে

