রাজধানীর হাজারীবাগে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ঢাকার জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক বিশেষ জেলা ও দায়রা জজ বেগম চমন চৌধুরী এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া ছেলের নাম মোবারক। আর নিহত হনুফা বেগম ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।
রায়ের বিবরণে জানা যায়, মোবারক টাকার জন্য তার মাকে প্রায়ই মারধর করতেন। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালের ২৪ আগস্ট তিনি মায়ের কাছে টাকা চান। হানুফা টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন মোবারক। এর তিন দিন পর ঘর থেকে হনুফার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় হনুফার ভাই আব্দুর রশিদ ২০০৭ সালের ২৭ আগস্ট হাজারীবাগ থানায় হত্যা মামলা করেন। অভিযোগ বলা হয়, মোবারক তার সহযোগীদের নিয়ে হনুফার
গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করেন। তারপর বিছানার ওপর লাশ রেখে কাঁথা-বালিশ দিয়ে ঢেকে রেখে দরজায় তালা লাগিয়ে চলে যান।
এ মামলার তদন্ত চলাকালেই হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন মোবারক। সবশেষ মোবারককে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন আদালত।
ইত্তেফাক/জেডএইচ

