গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার ঘটনায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ভারতীয় নাগরিক ডা. সত্য প্রকাশসহ দুজন। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মনিররুল কামাল মকুল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন। আগামী ৯ জুলাই এ মামলার পরবর্তী সাক্ষ্য অনুষ্ঠিত হবে।
ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে ডা. সত্য প্রকাশ বলেন, ২০০২ সাল থেকে বাংলাদেশে বসবাস করছি। ২০১৬ সালের পহেলা জুলাই রাত সাড়ে আটটার দিকে গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে খেতে যাই। সেখানে গিয়ে একটি টেবিলে বসি। এরপর সন্ত্রাসীরা অতর্কিত রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। তারা গুলি ছুড়তে শুরু করে। এ সময় আমার পাশে বসে থাকা একজন গুলিবিদ্ধ হন। এরপর সন্ত্রাসীরা আমার টেবিলের পাশে এসে আমাকে জিজ্ঞাসা করে, আমি বাংলাদেশি কিনা? আমি তাদের বলি আমি বাংলাদেশি। তখন সন্ত্রাসীরা আমাকে বলে, আপনি ভয় পাবেন না। আমরা আপনার কোন ক্ষতি করবো না। আপনি টেবিলের নিচে মাথা নিচু করে বসে পড়ুন। সারারাত আমি টেবিলের নিচে মাথা নিচু করে বসে ছিলাম। সারারাত গোলাগুলি চলে। অনেক রক্তাক্ত লাশ দেখতে পাই।
আরো পড়ুন : বাংলাদেশের স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে ভারত
সত্য প্রকাশের জবানবন্দি শেষে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন রিক্সাচালক মো. আসলাম হোসেন। পরে আসামি পক্ষের আইনজীবী ফারুক আহমেদ সাক্ষীদের জেরা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন বিশেষ পিপি মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মামলার বিচার কার্যক্রম চলাকালে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত এ মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৬২ জনের সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। ২০১৬ সালের পহেলা জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
ইত্তেফাক/ইউবি

