মশা নিধনের সঠিক ওষুধ কবে আসবে জানতে চেয়েছে হাইকোর্ট

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৭:৪৪

মশা নিধনে সঠিক ও কার্যকর ওষুধ কবে আসবে তা আগামী বৃহস্পতিবারের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

মশা মারতে সমন্বিত অভিযান চালানোর কথা গত ২৫ জুলাই আদালতকে জানিয়েছিল ঢাকার দুই সিটি কর্পোরেশনের আইনজীবী। আদালতের তলবে ওইদিন হাজির হয়েছিলেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা। গত ২২ জুলাই তাদের তলব করেছিলেন হাইকোর্ট। ওইদিন (২৫ জুলাই) আদালত পরবর্তী আদেশের জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করে দেয়।

সে অনুযায়ি আজ আদালতে বিষয়টি উত্থাপিত হয়। আজ আদালতে ঢাকা উত্তর সিটির পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু ও দক্ষিণ সিটির পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

আরও পড়ুন: প্রাণ ও ফার্মফ্রেশ দুধ উৎপাদনে আর বাধা নেই

এর আগে গত ১৪ জুলাই এ আদালত ঢাকা সিটিতে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এডিস মশা নির্মূল ও ধ্বংসে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন আমলে নিয়ে স্বঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয় আদালত। এছাড়াও এডিস মশা নির্মূলে এবং ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ এ রকম রোগ ছড়ানো বন্ধে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং এই ধরনের রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে ওইদিন রুলও জারি করেন আদালত।বাসস

ইত্তেফাক/কেকে