রাসেলকে ৪০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশ স্থগিত

আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ০৬:৫১

রাজধানীতে বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ক্ষতিপূরণ বাবদ বাকি ৪০ লাখ টাকা কিস্তিতে প্রদানের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান প্রশ্নে জারিকৃত রুল শুনানির জন্য হাইকোর্টকে নির্দেশনা দিয়েছে। 

গ্রীন লাইন পরিবহনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদালতে গ্রীন লাইন পরিবহনের পক্ষে আইনজীবী শাহ মঞ্জুরুল হক শুনানি করেন।

হাইকোর্ট রাসেলকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে গ্রীন লাইন পরিবহনকে নির্দেশ দেয়। সেই হিসেবে তারা রাসেলকে ১০ লাখ টাকা প্রদান করেছে। বাকি ৪০ লাখ টাকা প্রতি মাসে কিস্তি আকারে পরিশোধের আদেশ দেয়। কিন্তু ক্ষতিপূরণ হ্রাসের জন্য পরিবহনের করা আবেদন খারিজ করে দেয় আদালত।

রাজিবের দুই ভাইকে ১০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো রাজিব হাসানের দুই ভাইকে ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ টাকা এক মাসের মধ্যে প্রদান করতে ‘স্বজন পরিবহন’ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।

আরও পড়ুন: উপাচার্যসহ শীর্ষ পাঁচ পদ শূন্য

দুই বাসের রেষারেষির কারণে দুর্ঘটনায় পড়ে গত ৩ এপ্রিল গুরুতর আহত হন তিতুমীর কলেজের ছাত্র রাজিব হাসান। পরে চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট করা হয়। গত ২০ জুন হাইকোর্ট এক রায়ে ঐ দুর্ঘটনার জন্য বিআরটিসি ও স্বজন পরিবহনকে দায়ী করে। একই সঙ্গে রাজিবের দুই ভাইকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের জন্য দুই পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করে স্বজন পরিবহন কর্তৃপক্ষ। আগামী ১৭ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য রেখেছে আদালত।

ইত্তেফাক/এএন