ফেসবুক এবং টুইটার বিশ্বের বিভিন্ন দেশের কয়েক জন রাষ্ট্রনেতার পোস্ট ডিলিট করেছে। এসব পোস্টে করোনা ভাইরাস সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল। ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারোর এরকম একটি ভিডিও ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করেছে।
পোস্টে দাবি করা হয়েছিল ‘হাইড্রোক্সিক্লোরোকুইন’ করোনা ভাইরাসের চিকিত্সায় খুবই কার্যকরী। টুইটার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর টুইট ডিলিট করেছে একই কারণে। করোনা ভাইরাস প্রতিরোধের একটি ঘরোয়া টোটকা চিকিত্সা টুইট করেছিলেন প্রেসিডেন্ট মাদুরো।
বড়ো বড়ো রাষ্ট্রনেতাদের পোস্ট ফেসবুক বা টুইটার ডিলিট করছে এমন ঘটনা বিরল। অতীতে কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রনেতারা ভুয়া বিষয় প্রচার করছেন এমন প্রমাণিত হওয়ার পরও সেসব পোস্ট ডিলিট করা হয়নি।
আরো পড়ুন : ইউএস ওপেনের কোর্টে হাসপাতাল
যেমন টুইটার এর আগে বলেছিল, বিশ্বনেতারা নিয়ম ভাঙলেও তারা এসব পোস্ট ডিলিট করবে না, কারণ সাধারণ মানুষের এগুলো নিয়ে বিপুল আগ্রহ আছে। কিন্তু করোনা ভাইরাসের বেলায় যেরকম গুজব আর মিথ্যা তথ্য ছড়াচ্ছে তা ঠেকাতে বিরাট চাপের মুখে পড়েছে ফেসবুক আর টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো। —বিবিসি
ইত্তেফাক/ইউবি

