জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানী ঢাকার রাজারবাগে নিজ বাসায় অবস্থানকালে ওই শিক্ষার্থী এ ভাইরাসে আক্রান্ত হন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ওই শিক্ষার্থীর চাচা ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রাতে ওই শিক্ষার্থী নিজেই গণমাধ্যমকে তার আক্রান্ত হওয়ার কথা জানান। তারপর থেকে ওই শিক্ষার্থীর মুঠোফোনটি বন্ধ রয়েছে।
ওই শিক্ষার্থীর চাচা ডা. মো. মনির খান ইত্তেফাককে বলেন, ‘তার (জাবি শিক্ষার্থী) পুলিশ সদস্য বাবা গত ২২ এপ্রিল করোনায় আক্রান্ত হন। ফলে তাদের পরিবারের সবার করোনা পরীক্ষা করানো হয়। পরে গতকাল রাতে আইইডিসিআর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় তার (জাবি শিক্ষার্থী) ও তার মায়ের করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। তার ছোট দুই বোনেরও পরীক্ষা করা হয়েছিল। তবে তাদের ফলাফল নেগেটিভ এসেছে।’
তিনি আরো বলেন, ‘ওর বাবা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি আছেন। তেমন কোনো জটিল করোনা উপসর্গ না থাকায়, ডাক্তাররা তাকে (জাবি শিক্ষার্থী) ও তার মাকে বাসাতেই আইসোলেশনে থাকতে বলেছেন।’
আরো পুড়ুন:নিষেধাজ্ঞার ৬ মাস পূর্ণ হলো সাকিবের
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, ‘এ রকম একটি তথ্য পেয়েছি। আমরা খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি। আমরা অবশ্যই ওই শিক্ষার্থীর পাশে দাঁড়াব।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘কয়েকদিন আগে ওই শিক্ষার্থীর বাবার আক্রান্তের কথা শুনেছিলাম। আমরা ওই শিক্ষার্থীর বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। আমাদের যা করণীয়, আমরা তাই করব।’
ইত্তেফাক/এএএম

